দীর্ঘ পাঁচ বছর পর সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে গঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। সোমবার (৯ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ এম এ সালাম।
নতুন দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এম এ সালাম বলেন, “মোহামেডান কেবল একটি ক্লাব নয়, এটি এদেশের কোটি ফুটবল ও ক্রীড়াপ্রেমীর আবেগ। আমরা একটি স্বচ্ছ ও গতিশীল পর্ষদ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য হবে ফুটবলে মোহামেডানের সেই হারানো জৌলুস ফিরিয়ে আনা এবং ক্লাবকে একটি আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠানে রূপান্তর করা।”
এর আগে নবনিযুক্ত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি তাঁর বক্তব্যে ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এম এ সালাম আরও যোগ করেন, “দেশনায়ক তারেক রহমানের স্পোর্টস-বান্ধব দর্শনকে পাথেয় করে আমরা মোহামেডানের তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব।”
বিগত কয়েক বছরের অচলাবস্থা কাটিয়ে এম এ সালামের মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বের উপস্থিতি ক্লাবটিকে পুনরায় সাফল্যের শিখরে নিয়ে যাবে বলে মনে করছেন সাধারণ সদস্যরা। নতুন এই কমিটিতে মাহবুব আনাম, লোকমান হোসেন ভূঁইয়া এবং সাবেক ফুটবলার সাব্বিরসহ মোট ১৭ জন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন।
