
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে চার নারী যাত্রীর কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে তারা ঢাকায় আসেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত—এই চার নারী যাত্রীর কাছ থেকে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত মোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন ছিল।
যাত্রীরা ফোনগুলো সম্পর্কে কোনো বৈধ তথ্য দিতে না পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
মুহাম্মাদ কাউছার আরও জানান, দুবাই ও শারজাহ থেকে আসা বিমানগুলোতে, বিশেষ করে যেগুলো চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেসব বিমানে চোরাকারবারিরা নতুন কৌশল ব্যবহার করছে। তারা চট্টগ্রামে নিজস্ব লোক দিয়ে বিমানে মূল্যবান সামগ্রী হস্তান্তর করে ঢাকায় পাচারের চেষ্টা করে।
