
বগুড়ার আদমদীঘি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার সার্কেল। অভিযানে জব্দ করা হয়েছে ২শ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ পিস এ্যাম্পল।
আটককৃতদের মধ্যে নওগাঁ জেলার বদলগাছি ও সদর উপজেলার চারজন এবং আদমদীঘি উপজেলার একজন রয়েছেন।
সান্তাহার সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় আটক পাঁচ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। পাশাপাশি, জনসম্মুখে জব্দ করা সকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

