
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর জানায়। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ভাই।
শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রাশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তার সময়ে দুবাইয়ের আধুনিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো গড়ে ওঠে।
দুবাইয়ের ঘোড়দৌড়ের জগতেও শেখ আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্সের প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। ১৯৯১ সালে সেখানে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।
ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে স্মরণ করেন।
দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুতে দুবাইয়ের শাসক পরিবার ও আমিরাতজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
