
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভুল শুধরে নতুন শুরুর বার্তা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ড সফরে পাকিস্তানকে বেশি সমস্যায় ফেলেছে দলের ব্যাটিং এবং ফিল্ডিং।
বাবর মেনে নিয়েছেন, তারা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, আমাদের বসে ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে। কেমন একাদশ নিয়ে টেস্ট খেলা উচিত, তা পর্যালোচনা দরকার। সঠিক ক্রিকেটারদের বেছে নিতে হবে। কোচ, নির্বাচক সবারর সঙ্গে আলোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেরা ১১ জনকে বেছে নিতে হবে আমাদের।’
চতুর্থ ইনিংসে দ্রুত ইংল্যান্ডের ২ উইকেট তুলে নেওয়ার পরও কেন জো রুটদের চাপে ফেলা গেল না? বাবর বলেছেন, ‘হ্যাঁ, আমরা প্রথম ওভারে ২ উইকেট তুলে নিয়েও পারিনি। ওই ওভারের পর আমাদের বিশ্বাস বেড়ে গিয়েছিল। আমরা সব সময় বিশ্বাস নিয়েই মাঠে নামি। আসলে রুট আর জর্ডন কক্স দুর্দান্ত ব্যাট করেছে।’
ইংল্যান্ড সফর নিয়ে বাবর বলেছেন, ‘এখানে আসার আগে আমাদের মাথায় অনেক কিছু ছিল। ভাবনা চিন্তা করে দল নির্বাচন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রথম দুটো টেস্ট হারের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংল্যান্ড সফর সব সময়ই ব্যাটারদের জন্য কঠিন হয়। প্রথম দু’টেস্টের পিচও বেশ কঠিন ছিল।’

ব্যর্থতার মধ্যেও প্রাপ্তি খুঁজে পেয়েছেন বাবর। পাকিস্তান অধিনায়ক প্রশংসা করেছেন রাজাউল্লাহর অপরাউন্ড পারফরম্যান্সের। তিনি বলেছেন, ‘আমরা খুবই উপভোগ করেছি। আমার মনে হয়, রাজাউল্লার ব্যাটিং এবং বোলিং সবাই উপভোগ করেছে। দুর্দান্ত প্রতিভা। তবে অভিজ্ঞতা কম। আমার তো মনে হচ্ছে, আমাদের জন্য ও দারুণ কার্যকর ক্রিকেটার হয়ে উঠবে। যে ভাবে ম্যাচটা খেলল, তাতে ওর আত্মবিশ্বাসও বাড়বে।’
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন বাবর। তরুণ সতীর্থদের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘প্রতিটা সিরিজ আলাদা। আপনি সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। কোন পরিস্থিতিতে কেমন ক্রিকেট খেলতে হবে, এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। এখানে পরিস্থিতি কঠিন ছিল। তা-ও আমরা তরুণদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। নতুনদের প্রতিভা কাজে লাগানোর চেষ্টা করেছি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড সিরিজ থেকেই আবার অধিনায়ক করা হয়েছে বাবরকে। প্রথম সিরিজে অবশ্য লাভ কিছু হয়নি পাকিস্তানের।
