
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। এ ধরনের অনিয়ম বন্ধ করতেই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।
তিনি বলেন, লটারি পদ্ধতি চালু হলে সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।
আসাদুজ্জামান বলেন, মতপ্রকাশ, বাক-স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন বিচার ব্যবস্থা মেরামতের কাজ করছে। এ কাজে কিছুটা সময় লাগবে এবং তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা ও আস্থা প্রত্যাশা করেন।
এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয় সভায় অংশ নেন।
