
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য নির্বাচন ব্যবস্থাকে সময়োপযোগী ও জনবান্ধব করা জরুরি। শনিবার বিকেলে আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ‘ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম’ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই ও বিপিকেএস-এর আয়োজনে এবং আইএফইএস-এর সহায়তায় অনুষ্ঠিত এই সভায় বেলায়েত হোসেন চৌধুরী বলেন, প্রতিবন্ধী, প্রবাসী ও দুর্গম অঞ্চলের ভোটারদের অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ব্যালট ও গণভোটের (রেফারেন্ডাম) মতো বিকল্প ব্যবস্থাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সভায় সাংবাদিক, কলামিস্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে মক ভোটিং ও উঠান বৈঠকের মতো কার্যক্রমের ওপর জোর দেন। সভায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক ভোটার সমাজ গড়তে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করা হয়।

