
দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য দক্ষ পেশাজীবীর প্রয়োজনীয়তা মেটাতে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথমবারের মতো মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামটি পরিচালনা করবে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই প্রোগ্রামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উপলক্ষে “মেন্টাল হেলথ ফর অল: ব্রেকিং স্টিগমা, বিল্ডিং ক্যাপাসিটি” শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা ভাঙা এবং সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ব্র্যাক আইইডির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইরাম মরিয়ম মানসিক স্বাস্থ্যে আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আন্তর্জাতিক মান ও বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রেখে তৈরি এই প্রোগ্রামে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা ক্লাস নেবেন। প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে এবং আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫।

