
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি সামরিক চৌকিতে অচেতন অবস্থায় এক দক্ষিণ কোরীয় সেনাকে উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মানি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে জরুরি সেবা বিভাগে একটি ফোন আসে। এতে জানানো হয়, সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এক সেনাকে মাথায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
প্রতিবেদনে গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হলেও কীভাবে ওই সেনা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানিয়েছে, ওই সেনার মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সামরিক ও বেসামরিক তদন্তকারীরা যৌথভাবে তদন্ত করছেন।
এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।
এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে সিউল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করে।
এরপর সীমান্ত এলাকায় আরও অস্ত্র মোতায়েনের হুমকি দেয় উত্তর কোরিয়া। অন্যদিকে, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় দক্ষিণ কোরিয়া।
