
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষ হতেই লম্বা সফরের জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে টাইগাররা। আর এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ও ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা।
মাসখানেকের বেশি সময় ধরে চলবে এই সিরিজ। যে কারণে ইনজুরির কথা বিবেচনা করেই দল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে আসন্ন সিরিজের জন্য কয়েকজন নতুন খেলোয়াড়কে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। যাদের অধিকাংশই তরুণ ক্রিকেটার।
এরমধ্যে আফ্রিকা সিরিজের টেস্ট দলে জায়গা করে নিতে পারেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। এছাড়া লাল বলে আবারও দলে ফেরার সুযোগ হতে পারে মাহমুদুল হাসান জয়ের। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলকে দেখা যেতে টি-টোয়েন্টি সিরিজের দলে।
এদিকে জোর আলোচনা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়েও। বেশ অনেকদিন ধরেই বিসিবির রাডারে রয়েছেন তিনি। বিসিবির অধীনে সব ধরণের খেলায় দেখা যায় তাকে। যে কারণে আফ্রিকা সফরে সাদা বলের স্কোয়াডে নাম দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
