
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষার সুযোগ দিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর প্রস্তাব বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হলেও ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত’ এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে চান শিক্ষামন্ত্রী। এই পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য তিনি ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান।
শুরুতে কয়েকজন উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা এই প্রস্তাবে কিছুটা আপত্তি জানালেও পরে শিক্ষামন্ত্রীর অনুরোধে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মেডিকেল কলেজসহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কয়েকজন সম্মতি প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।
